অফিস ডেস্ক
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার পলাশবাড়ীতে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড়ে পলাশবাড়ী উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে জাতীয় নির্বাচনের আগেই নবম পে স্কেলের গেজেট বাস্তবায়ন, পে স্কেল নিয়ে তালবাহানা চলবে না, দ্রুত নবম পে স্কেল ঘোষণা করতে হবে—এমন নানা স্লোগান দেন।
বক্তারা বলেন, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছেন।
দাবি আদায়ের আশায় তারা দীর্ঘ সময় ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। কিন্তু দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে বর্তমান ন্যূনতম বেতনে সংসার চালানো অত্যন্ত দুষ্কর হয়ে পড়েছে। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় সামাল দিতে নতুন পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি।
অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় পলাশবাড়ী উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি জয়ন্ত প্রসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন—সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নাসিম সরকার, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক রুপমহল বেগম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকুল মিয়া, সায়েম সরকার, আতিকুর রহমানসহ আরও অনেকে।
আলোচনায় বক্তারা বলেন, “আমরা সরকারি কর্মচারীরা আজ অসহায়ভাবে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছি।তাই বাধ্য হয়েই আমরা রাজপথে নেমেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই আমাদের দাবি পূরণ না হলে কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে।” তারা অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।