অফিস ডেস্ক
মোছাঃ তহমিনা বেগম বিউটি,দিনাজপুর প্রতিনিধি:-দিনাজপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ৫ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও সনদ প্রদান অনুষ্ঠান-২০২৬। নবীন চিকিৎসকদের পেশাগত জীবনে স্বাগত জানাতে এবং তাদের কৃতিত্বকে স্বীকৃতি দিতেই এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। তিনি নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, চিকিৎসা পেশা কেবল একটি জীবিকা নয়, এটি আর্তমানবতার সেবার এক মহান ব্রত। অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মোঃ শাহ আলম এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মিছবাহ উদ্দীন আহমদ। তারা চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী। তিনি বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ সবসময়ই মানসম্মত চিকিৎসক তৈরিতে বদ্ধপরিকর। আজকের এই নবীন ইন্টার্নরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে ইন্টার্নশিপ সম্পন্নকারী চিকিৎসকদের হাতে আনুষ্ঠানিক সনদ তুলে দেওয়া হয়। নবাগত ইন্টার্ন চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানটি আয়োজনে বিশেষ সৌজন্য সহযোগিতা প্রদান করে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড।
সকাল ৯ ঘটিকায় শুরু হওয়া এই অনুষ্ঠানে কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, চিকিৎসক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সনদ প্রাপ্তির আনন্দ আর নতুন দায়িত্বের সংকল্প নিয়ে অনুষ্ঠানটি শেষ হয় এক আনন্দঘন পরিবেশে।